খায়রুল আলম রাজু,,
অনেক দিন আগের কথা। পাহাড়ের ঢালে একটি বাগান ছিল৷ ফুল বাগান। জবা, গোলাপ, সূর্যমুখি, গাঁদা , গন্ধরাজ সহ নানান ফুল। বাগানের পাশেই ঝরনা। স্বচ্ছ পানি। ছলাত ছলাত শব্দ। কী দারুণ! ফুলগাছগুলো সারি সারি। একটি দু'টি নয়। এক শতাধিক। বাগানে প্রজাপতির ওড়াউড়ি- লাল, নীল, হলুদ কমলা ও সবুজ রঙের। একটি ফুলগাছ একটি পরিবার। পাশের গাছটি প্রতিবেশী। সবাই মিলে একটি গ্রাম- ফুল গ্রাম। ভোরের আলোয় জেগে ওঠে পাখিরা। পাপড়ি মেলে ফুলগুলো। সুবাসিত হয় চারপাশ। কিন্তু আজ কেউ জাগেনি- ডালিয়া, গাঁদা, গোলাপ, জবা কেউ জেগে ওঠেনি। টুনটুনি বলল, 'কি গো গোলাপ বুবু, সকাল হলো সেই কবে! উঠবে না?'
শালিক বলে উঠল, 'গোলাপ বুবু শরীর খারাপ?'
-না গো সই, শরীর ভালো। মনটা খারাপ। মেয়েটি অসুস্থ। এভাবে চললে আমিও অসুস্থ হয়ে পড়বো।
সবুজ টিয়া বলল, বুবু, গোলাপ মেয়ের কী হয়েছে? কাল তো কী সুন্দর ফুঁটেছিল! বাতাসে দোল খাচ্ছিল, নেঁচেছিল।
-আর বলিস নে বোন, ওই দেখ গাঁদাছানাও অসুস্থ। জবাটিও। ডালিয়ার মেয়ে। গন্ধরাজের খোকা। সবার অসুখ!
-তাইতো, এজন্যই বুঝি আজ কেউ জাগেনি? ভারি আশ্চর্য! এক সাথে সবার অসুখ!
-হ্যাঁ রে বোন, এক সাথে সব্বার অসুখ। ফুলের অসুখ। গাছের অসুখ। বিষয়টি নিয়ে পাখিরা চিন্তিত। শালিক। টিয়ে। বক। টুনটুনি।
-কারণটা কি? হঠাৎ সবার অসুস্থ হওয়ার কথা নয়! টুই ছানা চোখ কুঁচকে ডাকে, সূর্য ভাই, ও সূর্য ভাই।
-কী রে টুই? কেমন আছিস? সাতসকালে ডাকছিস কেনো? মিষ্টি রোদ চাই, তাই না?
-না গো, রোদ চাই নে, সমাধান চাই। দেখো না ফুলের অসুখ। ফুলগ্রামের সব ফুলেরা অসুস্থ।
-ওমা, সে কী অবাক কান্ড!
-শুনো তবে অসুখের কারণ। দেখোনি আজকাল এখানে মানুষজন বনভোজনে আসছে। খাবার খাচ্ছে। পলিথিন, আইসক্রিমের পলি, এটা সেটা ফেলছে। এখানে-সেখানে। এতে দূষিত হয় মাটি, বাতাস, পরিবেশ। ফেলে যাওয়া খাবার পঁচে গন্ধ ছড়ায়। তাইতো ফুলেরা অসুস্থ। পাখিরা বলল, এর সমাধান কী? ফুলেরা সুস্থ হবে না। আগের মতো ফোটবে না? সুভাস ছড়াবে না?
-ফুটবে গো ফুটবে, ঘ্রাণও ছড়াবে।বলছি শুনো, বাগানের নোংরা পলি, পঁচা খাবার পরিষ্কার করতে হবে। এজন্য কাক পাখিদের সাহায্য নিতে পারো। শহরের ডাস্টবিনে ময়লা থাকে। কাকপাখিরাই তো ওসব খেয়ে খেয়ে পরিষ্কার করে। তা না হলে মানুষও অসুস্থ হতো। ফুলের মতো।
সূর্যের কথা মতো কাকপাখিদের ডাকা হলো। পুরো বাগান পরিষ্কার হলো। গাছগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরদিনও সকাল হলো। পাখিরা জাগলো। ফুলে ফুলে ভরে উঠলো বাগানটা।আনন্দে উড়ছিল রঙবেরঙে প্রজাপতি। বাতাসে দোলছিল গোলাপ মেয়ে, গাঁদাছানা, লাল জবা।ডালিয়ার মেয়ে, গন্ধরাজের খোকা।
-সূর্য ভাই ডাকছে, ও ফুলেরা, পাখিরা শোনো সবে, বনভোজনে যারাই আসে সবার উচিত যেখানে-সেখানে, এটা সেটা না ফেলা। অতিরিক্ত খাবার নষ্ট না করা। কিন্তু মানুষ আমাদের কথা শুনে না, বোঝে না। তাই আমাদের কাজ, আমাদেরই করতে হবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আসি গো। সবাই ভালো থেকো। টা টা...।
কুমির ও শেয়াল,,
আশিকুর রাহমান ইমাদ,,
শেয়ালের দিকে তাকিয়ে কুমির ভাবছিল, মানুষজন বলে শেয়াল খুব চালাক আর কুমির বোকা। মানুষের সব গল্পে শেয়াল চালাকি করে কুমিরকে ঠকায়। মানুষগুলো কি বোকা! আখের গোড়ার শেষটুকু চিবুতে চিবুতে শেয়াল এলো কুমিরের কাছে। কুমির ভায়া, বহুদিন চিড়িয়াখানার কোনো খবর পাই না। তোমার সাথে কোনো যোগাযোগ আছে?
না রে ভায়া, করোনাভাইরাসের ভয়ে সব বন্ধ। কয়েকদিন ধরে ফোন করতে পারছি না বলে চিড়িয়াখানার কোনো খোঁজখবরও নিতে পারছি না।
কুমির বললো, আমারও একই অবস্থা। শহরে যেতে পারছি না বলে কাউকে ফোন করতে পারছি না। আমার ভাই-বোনরা সব নানা জায়গায় থাকে, কেউ থাকে ভাওয়াল গড়ে, কেউ টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে। কারো সাথে যোগাযোগ নেই।
আচ্ছা শেয়াল পণ্ডিত, এই যে মানুষজন তোমাকে আর আমাকে নিয়ে গল্প বানায়, সেগুলো তোমার কাছে কেমন লাগে?
আমার তো ভালোই লাগে, গল্পে তুমি কত বোকা আর আমি কত বুদ্ধিমান! তোমার নিশ্চয়ই রাগ লাগে?
না গো পণ্ডিত, না। আমার মোটেও রাগ লাগে না। ছেলেমেয়েরা এসব গল্প পড়ে মজা পায়, তাতেই আমি খুশি।
কিন্তু এখন নাকি আর কেউ শেয়াল-কুমিরের গল্প পড়ে না!
তাই নাকি? তোমাকে কে বলল?
আমার যে ফুফাতো ভাই থাকে গাজীপুর জাতীয় উদ্যানে, গত মাসে সে বলেছিল, ছোট বাচ্চারা এখন আর শেয়াল-কুমিরের গল্প পড়ে না। ওরা নাকি সবাই ডাইনোসরের গল্প পড়ে, ডাইনোসরের কার্টুন দেখে, ডাইনোসরের সিনেমা দেখে।
তাই নাকি? এ খবর তো জানতাম না!
আর বলো না কুমির ভায়া, আমার ভাই এ খবর দিতে গিয়ে প্রায় কেঁদে ফেলেছিল। অবশ্য আমারও খুব মন খারাপ হয়েছিল। বাঘ, শেয়াল, কুমির, বানরকে নিয়ে সন্ধ্যার পর গ্রামের বাড়িতে বাড়িতে দাদি-নানিরা কত গল্প শোনাতো ছোট ছেলেমেয়েদের। সেইসব গল্প শুনে ছোটরা কতো আমোদ পেতো। এখন আর কেউ নাকি গল্প শোনায় না, সবাই টিভিতে নইলে মোবাইলে আর নাহলে কম্পিউটারে সিনেমা দেখে, গেমস খেলে। আর কী কী সব করে!
এতো খুব চিন্তার কথা বললে পণ্ডিত। তা তুমি এক কাজ কর না, যেভাবেই হোক, আমার মোবাইলে কিছু টাকা রিচার্জের ব্যবস্থা কর। তারপর চল দুজন মিলে দেখি, কী সিনেমা ছোটরা দেখে আজকাল। শেয়াল বহু কষ্টে এক বানরের হাতে-পায়ে ধরে মোবাইলে টাকা রিচার্জের ব্যবস্থা করল। তারপর কুমির আর শেয়াল একে একে ফোন করল চিড়িয়াখানায়, গাজীপুর জাতীয় উদ্যান, মধুপুর জঙ্গলসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-স্বজনের কাছে। তারপর দুজন মিলে দেখতে বসল ডাইনোসরের সিনেমা আর কার্টুন। কুমির আর শেয়াল মিলে অনেক কার্টুন, অনেক সিনেমা দেখল। সেগুলোর নাম আমার জানা নেই।
পরদিন সকালে কুমির বলল, পণ্ডিত, সিনেমা তো অনেক দেখলাম। কিন্তু ডাইনোসররা পৃথিবী থেকে কোথায় হারিয়ে গেল সেটা তো জানা দরকার। সেটা কোথায় জানতে পারব?
শেয়াল বললো, শোন কুমির, শহরে একটা পাঠাগার আছে, সেখানে নিশ্চয়ই ডাইনোসরদের নিয়ে বইপত্র পাওয়া যাবে। বই না পড়ে তো কোনোকিছু জানা যাবে না। আমি গিয়ে কিছু বইপত্র নিয়ে আসি।
কুমির বললো, তাহলে তাই করো। সেদিন বিকেলে শেয়াল গেল শহরে। শহরের এক প্রান্তে পাড়ায় একটা পাঠাগার ছিল। ওই পাঠাগারের ছেলেমেয়েদের সাথে শেয়ালের ছিল খুব ভাব। ওরা শেয়ালকে অনেকগুলো বই দিল ডাইনোসর বিষয়ে। এক সপ্তাহ পরে বই ফেরত দেওয়ার কথা বলে শেয়াল বই নিয়ে ফিরে গেল জঙ্গলে, তুলে দিল কুমিরের হাতে। কুমির কী কী বই পড়েছে সেসব বইয়ের নাম আমার জানা নেই।
বইটই পড়ে কুমির তো অবাক। আরে এ যে দেখি দারুণ খবর। পরদিন সকালেই ফোন করল শেয়ালকে। শিয়াল পণ্ডিত, তাড়াতাড়ি চলে আসো।
শেয়াল বললো, কী ব্যাপার, কোনো সমস্যা?
আরে না, দারুণ এক খবর পেয়েছি। তুমি এলে তবে বলব।
পড়িমরি করে শেয়াল হাজির হলো কুমিরের ডেরায়।
কী খবর বলো তো কুমির ভায়া।
তুমি চিন্তাও করতে পারবে না কী দারুণ খবর পেয়েছি বই পড়ে।
আহা, বলোই না খবরটা।
তুমি তো পণ্ডিত মানুষ, তুমি আন্দাজ কর তো কী খবর হতে পারে?
আমি কীভাবে আন্দাজ করব!
শোনো পণ্ডিত, আমরা নাকি ডাইনোসরের কাজিন, মানে মামাত-ফুফাত ভাই। তাই নাকি?
তাহলে আর বলছি কী!
সব খুলে বলো তো কুমির ভায়া।
ডাইনোসর মানে কী জানো? ডাইনোসর মানে হলো ভয়ংকর টিকিটিকি!
কী বললে, টিকটিকি? টিকটিকি? শেয়াল হি হি করে হাসতে হাসতে বলল।
আহ, আগেই এতো হেসো না। আগে শোনো ভালো করে কথাটা। ডেনিওস অর্থ ভয়ংকর, আর সেরিওস অর্থ টিকটিকি। এইভাবে ডাইনোসর মানে হলো ভয়ংকর টিকটিকি। এ নাম মানুষের দেওয়া। ডাইনোসররা তো আর নিজেরা নিজেদের নাম দিতে পারেনি। যেমন আমরা যে কুমির, এটাও মানুষের দেওয়া, তোমরা যে শেয়াল এ নামও মানুষের দেওয়া। যাই হোক, শোনো। ডাইনোসররা বাস করত প্রায় ২৩ কোটি বছর আগে। ওরা টিকে ছিল প্রায় ১৬ কোটি বছর। সবচেয়ে বড় আকারের ডাইনোসরেরা ১৯০ ফুট (৫৮ মিটার) পর্যন্ত লম্বা এবং ৩০ ফুট ৪ ইঞ্চি (৯.২৫ মিটার) পর্যন্ত উঁচু হতো। কিন্তু সব ডাইনোসরই বড় আকরের ছিল- এমন নয়।
তাহলে?
ছোট আকারের ডাইনোসরও ছিল, এই এতটুকু, মাত্র ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার)।
তাই নাকি?
তাহলে আর বলছি কি। আর শোনো, সে আমলে আমাদের পূর্বসূরী কুমিরেরা ছিল ইয়া বড় বড়। ওদের নাম ছিল ‘রাজানা’। ওরা লম্বায় ছিল ২৩ ফুট। আর ওজনে প্রায় হাজার কেজির কাছাকাছি। এই বিরাট বিরাট কুমিররা ‘রাজত্ব’ করত আজ থেকে প্রায় ১৭ কোটি বছর আগে, জুরাসিক যুগে। কুমির আর ডাইনোসরের যুদ্ধও হতো।
শেয়াল বললো, ওরে বাবা। তো সেই যুদ্ধে কে জিততো? নিশ্চয়ই ডাইনোসর? আরে না, কুমিররা ছিল শিকারি প্রাণী, তারা ডাইনোসর ধরে ধরে খেতো। কুমিরদের কাছে ডাইনোসররা হেরে যেতো।
বলছো কী এসব!
আরে শুধু কী এই! বিজ্ঞানীদের ধারণা, কুমির আর ডাইনোসরেরা একই পূর্বসূরী থেকে বিবর্তিত হয়েছে। এই যে আকাশে পাখি উড়তে দেখো, সেগুলোও ডাইনোসরের আত্মীয়-স্বজন। কিন্তু শুধু পাখিরাই নয়, এই যে টিকটিকি, গিরগিটি এরাও সবাই ডাইনোসরদের আত্মীয়-স্বজন।
কুমিরের কথা শুনতে শুনতে বিস্ময়ে শেয়ালের চোখ গোল গোল হয়ে গেল। বললো, ওরে বাবা, এসব কথা তো জানতাম না!
আরে, আমিই কী জানতাম এসব কথা। বই পড়তে গিয়েই তো জানতে পারলাম। পণ্ডিত, আমরা ডাইনোসরের ভাই, এটা জানার পর থেকে তো আমার বুকটা গর্বে ভরে গেছে। তুমি এক কাজ করো। আগামী পরশুদিন বনের সব পশুপাখিকে ডাক, সবাইকে এসব বিষয় জানানো দরকার।
কুমিরের পরামর্শ শুনে শেয়াল চলে গেল বনের সব পশুপাখিকে খবর দিতে। আমরাও বনের পশুপাখিদের সভায় কী আলোচনা হয় সেটা জানার অপেক্ষায় রইলাম।
সুবর্না আক্তার,,
দুইদিন পর কোরবানির ঈদ। গত বছরের থেকে এই ২০২০ সালের ঈদটা অন্যরকম। কেননা করোনার সর্বগ্রাসী থাবা বিশ্বের প্রতিটি আনন্দকে মাটি করে দিচ্ছে। তারপরও সবাই সুস্থ থাকার, আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছে। নেহালের বাবা মায়ের মন খারাপ ছেলেকে এবার ঈদেও নতুন কাপড় কিনে দিতে পারেনি। কয়েক মাস ধরে টিভিতে কোভিড-১৯ নিয়ে অনেক খবর হচ্ছে। অনেক মানুষ মারা যাচ্ছে এই রোগে। তাই নেহাল প্রায়ই ওর দাদুর কাছে এর সম্পর্কে জানতে চায়। তাছাড়া নেহাল ৫ম শ্রেণির মেধাবী ছাত্র। এই পরিস্থিতিতে তারও মন খারাপ। গত রোযার ঈদে মা-বাবা তাকে নতুন জামা কিনে দেয়নি, এই ঈদেও নতুন জামা দেবে না বলেছে। আবার দুইদিন পর কোরবানির ঈদ। তাই আজ সে তার দাদুকে বলে,
-দাদু, কোভিড-১৯ কী?
-এটা একটি ছোঁয়াচে রোগ।
-ওহহো। তুমি বলতে চাচ্ছ যে, চিকেন পক্স যেমন ছোঁয়াচে, এটাও তেমনি ছোঁয়াছে রোগ?'
-ঠিক ধরেছো। চীনের উহান প্রদেশ থেকে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যা সাপের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে।
-দাদু, চীন দেশ তো অনেক দুরে। আমাদের এদেশে এ রোগ হলো কিভাবে?
-এ রোগ যেহেতু ছোঁয়াচে সেহেতু সেদেশে অনেক বাঙ্গালি থাকে। তাদের কেউ কেউ বাংলাদেশে চলে আসে আর তাদের মাধ্যমে এ রোগ আমাদের দেশে ছড়িয়ে পড়েছে।
-কী সাংঘাতিক!
-হ্যা, খুব খারাপ রোগ এই কোভিড-১৯।
-দাদু, কিভাবে এই রোগ ছড়ালো?
-এই রোগ একটি ছোঁঁয়াচে রোগ। তাই আক্রান্ত ব্যক্তিকে ছুলেই বা তার হাঁচি, কাঁশির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়েছে।
-মানে, একজন সুস্থ মানুষ ঐ রোগীর কাছে যেতে পারবে না।
-ঠিক ধরেছো। এই রোগ হলে গলাব্যথা, জ্বর, সর্দিকাশি ও পাতলা পায়খানাও হয়। অনেক সময় গলার স্বরও ভেঙ্গে যায়। রোগী কথাও বলতে পারে না। যাদের হার্টের সমস্যা আছে, বয়স্ক ব্যাক্তি- এদের এ রোগ হলে বাঁচানো কঠিন হয়ে পড়ে।'
-কী ভয়ানোক রোগ? নেহাল হা-করে দাদুর কাছে এসব কথা শোনে।
-হ্যা। তাই ইউনেস্কো সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। আর ঘরে থেকে আনন্দ করার কথা বলেছে। আর ঈদের আনন্দও ঘরে থেকে করতে বলেছে। ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলেছে।
-তাহলে তো দাদু, আমরা কোথাও ঘুরতে যেতে পারব না?
-হ্যাঁ। আমরা এবার বাড়িতে বসে ঈদ করব। তাই, তুমি ঈদের জামা কেনা হয়নি বলে মন খারাপ করবে না।
-আচ্ছা দাদু, আমরা এবার বাড়িতে বসে ঈদের আনন্দ করব।
-অনেক রোগী বেড়েছে তাই মার্কেটেও যাওয়া যাবে না।
-তাই তো। মার্কেটও তো করা যাবে না!
-কী করা যায়, তুমি বলো তো, দাদু ভাই? তোমার তো অনেক বুদ্ধি!
-আমি একটা সমাধান পেয়েছি?
-কী সমাধান, দাদু ভাই?
-দাঁড়াও, মাকে ডাকি। মা মা, এদিকে আসো তো?
-কি রে খোকা, ডাকছিস কেনো? হাতে অনেক কাজ আছে। তাড়াতাড়ি বল?
-মা, এবার ঈদে আমরা নতুন জামা কিনব না।
-কেনো কিনবে না?
-করোনার জন্য আমরা কোথাও যেতে পারব না। তাই নতুন জামাও কিনব না।
-তাহলে ঈদের দিন কী পরবে?
-আমাদের গত বছরের ঈদের জামা আছে না?
-হ্যাঁ আছে তো।
-আমাদের ঐ জামা পরিস্কার করে ইস্ত্রি করে দেবে। আর আমরা ঈদের দিন ঐ পরিস্কার জামা পরে নামাযে যাব।
মা আর দাদু ভাই অবাক হয়ে যায়।
-এই না হলো আমার দাদু ভাই?
-তাই তো দেখছি! বাবা, আপনার দাদুভাই তো অনেক বড় হয়ে গেছে। সবকিছু বোঝা শিখে গেছে?
-এই না হলো আমার ছেলে? সাবাস বেটা- বলে বাবা নেহালকে কোলে নিয়ে আদর করল।
ঈদের দিন সকালে মায়ের হাতে পরিস্কার করা জামা পরে নেহাল ওর বাবা আর দাদুর সাথে ঈদের নামায পড়তে যায়। নামায পড়ে এসে মায়ের হাতের রান্না করা পায়েস খায়। সারাদিন বাবা আর দাদুর সাথে অনেক মজা করে। পরিস্কার জামাতেই নেহালের ঈদ আনন্দ কেটে যায়।
আশিকুর রাহমান ইমাদ,,
অন্ধকার ঘরে শুয়ে আছে নোমান । আজকে
সারাদিন অনেক খাটনি গেছে, প্রচণ্ড ক্লান্ত,
কখন যে বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে
গেছে টেরও পায়নি। এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা
করছে না। রান্নাঘর থেকে মা ডাকলেন,
“নোমান, আর কত ঘুমাবি? আলসেমির একটা সীমা
থাকা দরকার! ওঠ এখন। আয় চা খা।“
মোবাইলে সময় দেখল নোমান। তারপর অনেক
কষ্টে নিজেকে টেনে উঠিয়ে অজু করতে গেলো।
মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ হয়েছে,
আর বেশী সময় নেই। নাহ, এতো দেরি করা ঠিক
হয় নি। বালতিতে হাত পা ডুবিয়ে ২ সেকেন্ডে
অজু করলো। তারপর তাড়াহুড়ো করে নামাজ শুরু
করলো।
“আল্লাহু আকবার!”
“আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন” … দুপুরে
কিছু খাইনি, ক্ষুধা লেগেছে।
“কুলহুওাল্লাহু আহাদ… “ আম্মু কি চায়ের সাথে
কিছু নাস্তা বানিয়েছে?
…
“সুবহানা রাব্বিয়াল আলা” … সেজদায় শুয়ে
থাকতে ইচ্ছা করছে…
হঠাৎ মাটি অসম্ভব জোরে কেঁপে উঠলো। সেজদা
থেকে উলটিয়ে পড়ে গেল নোমান। ব্যথায় কুঁকড়ে
গেল শরীর। মুখে কীসের যেন গুড়ো পড়ছে। উপরে তাকিয়ে দেখল, বাড়ির ছাদ ভেঙ্গে পড়ছে! ছুটে ও ঘর থেকে বেরুলো। বেরিয়ে যা দেখল তাতে ওর চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা। ওর বাড়ি ঘর এলাকা কী করে যেন অদৃশ্য হয়ে গেছে। সেখানে আছে এক বিশাল ধবধবে সাদা মাঠ। সেই মাঠে দাঁড়িয়ে আছে পিপড়ার মতো পিলপিল করা মানুষ। যদিও নিজের চোখে দেখতে হবে ভাবেনি, এসব
দৃশ্যের বর্ণনা ও বইয়ে পড়েছে। তাই ব্যাপারটা
বুঝতে ওর দেরি হল না – সে চোখের সামনে
কেয়ামত দেখতে পাচ্ছে।
বুকটা ধক করে উঠলো। এখনই কি আমার হিসাব হবে? এতো তাড়াতাড়ি? কিছুই তো করার সময় পেলাম না। কত ভুল করেছি যেগুলোর ক্ষমা চাওয়া হয়নি। কত সময় নষ্ট করেছি, কত কিছু করতে পারতাম, করা হয় নি। নাহ, তবুও নোমান প্রতিদিন নামাজ পড়েছে। কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ ঠিক তো সব ঠিক। হিসাব শুরু হয়ে গেছে। শীঘ্রই ওর পালা
“নোমান মাহমুদ।“
মানুষের ভিড় দুই ভাগ হয়ে ওকে যাবার রাস্তা
করে দিলো। ফেরেশতারা ওর খাতার হিসাব
করছে। ওর পাল্লা ভারি হয়ে আসছে! হায় হায়!
এতো গুনাহ করেছে ও বুঝতেই পারে নি। শেষে
ওকে স্বীকৃতি দেওয়া হল জাহান্নামের বাসিন্দা বলে! দুইজন ফেরেশতা ওর কপালের চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। সবাই তাকিয়ে আছে ওর দিকে। এক অবিশ্বাস্য ভয়ংকর আগুনের দিকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমার পরিণতি! এ কী করে সম্ভব, আমি তো নামাজ পড়েছি ! আমার নামাজ আমাকে বাঁচাচ্ছে না কেন? আমি যে এতো নামাজ পড়েছি সব বৃথা? আমার নামাজ… আমার নামাজ !
ফেরেশতা দুজন তাকে তুলে আগুনে নিক্ষেপ
করলো। ওর বুক ফেটে বের হল অমানবিক আর্তনাদ
– “ না !”
জাহান্নামের আগুনের দিকে পড়তে লাগলো নোমান।
হঠাৎ কে যেন ওর হাত ধরে ফেলল, টান দিয়ে
উপরে উঠালো তাকে।
স্বস্তিতে কেঁদে দিলো নোমান। “এই জঘন্য
পরিণতি থেকে আমাকে বাঁচালে, কে তুমি?”
“আমি তোমার নামাজ।“
“ওহ!” হঠাৎ রাগ হল নোমানের।
“এতো দেরি হল কেন তোমার? আমি তো প্রায়
জাহান্নামে পড়েই গিয়েছিলাম!”
“তুমি দেরি করতে না নামাজ পড়তে? শেষ সময়
পার হবার বিন্দুমাত্র আগে? তাই আমারও দেরি
হয়েছে তোমাকে বাঁচাতে, জাহান্নামে পড়ার
বিন্দুমাত্র আগে!”
চোখ খুলল নোমান। চোখে সবুজ দেখছে। বুঝতে
একটু সময় লাগলো যে এটা ওর জায়নামাজের
অংশ। সেজদা থেকে মাথা উঠালো সে।
আমি বেঁচে আছি!
আল্লাহু আকবার, আল্লাহু আকবার!
এশার আজান দিচ্ছে। ক্ষুধা টুধা ভুলে মসজিদের
দিকে দৌড় দিলো নোমান। এরপর আর কোনোদিন নামাজে দাড়াতে ওর দেরী করার চিন্তাও করবে না সে, এই প্রতিজ্ঞা করলো মনে মনে।
অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের
নামাজের ব্যাপারে অমনোযোগী। [সুরা আল-
মা’উন, ১০৭:৪-৫]
- জুয়েল আশরাফ,,
সকাল নয়টা থেকে স্কুল শুরু। তাই স্কুলে পৌঁছানোর জন্য আটটা থেকেই তৈরি হয় সাফা। ঘড়ির কাঁটা আটের ঘরে ছুঁলেই স্কুলের জামা নিয়ে সাফা এগিয়ে আসে মায়ের কাছে। তাকে পরিয়ে দিতে হবেই। সাফাকে কিছুতেই মা-বাবা বোঝাতে পারেন না যে, বন্ধ রয়েছে স্কুল।
সাফা তেমন ভাবে এখনও হাঁটতে পারে না। কিন্তু স্কুলে যাওয়ার সময় হলেই তার বাড়তে থাকে অস্থিরতা। মাকে বারবার দরজা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে, এ বার স্কুলে নিয়ে যেতে হবে। মা নানা কথায় বোঝানোর চেষ্টা করেন যে, স্কুল বন্ধ। কিন্তু সাফাকে বোঝানো খুব সহজ কাজ নয়। উল্টো মাকেই বুঝিয়ে ব্যর্থ হয়ে চলে আসে বড় বোনের কাছে। তার বড় বোন মারুয়া স্কুলে পড়ে। বড়বোনকে সাথে নিয়ে যাবে স্কুলে। সে বড়বোনের কাছে এসে বলে, ইশকুলে যাব। আমাকে ইশকুলে নিয়ে চলো।
মারুয়া বলল, 'স্কুল তো বন্ধ সাফামনি।'
'ইশকুল বন্ধ হবে কেন? ইশকুলের কি অসুখ করেছে?'
মারুয়া হাসে। বলে, 'না সাফামনি স্কুলের অসুখ করেনি।'
সাফা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, 'তাহলে কেমন আছে আমাদের ইশকুলটা?'
আজকাল মারুয়ার মনেও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে- স্কুলটা কেমন আছে? প্রায় তিন মাস হল, ঘরবন্দি তারা দুই বোন। কতদিন স্কুল দেখেনি। মারুয়া স্বপ্নেও ভাবেনি যে এমন একটা দিন আসতে চলেছে, যখন স্কুলে ফেরার আর বাস্তবের ক্লাসরুমে পড়ানোর জন্য তার এমন আকুল অপেক্ষা করতে হবে। কখনও ভাবতেও পারেনি লকডাউনের আগে যে স্কুলজীবনকে সে জানতো, চিনতো, তাকে কবে আবার ফিরে পাবে।
ইদানিং অনলাইন ক্লাশ হচ্ছে। মা বলেন স্কুলটাকে 'ভার্চুয়ালি' চালাতে চেষ্টা করছে। মারুয়াদের স্কুলের স্যারেরা নতুন উদ্যমে নিজেদের গড়ে নিয়েছেন। দ্রুত শিখে নিয়েছেন কীভাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনলাইন ক্লাস চালাতে হয়, মেল, হোয়াটসএ্যাপের মাধ্যমে ওয়ার্কশিট, ছোট শিক্ষামূলক ভিডিয়ো বা প্রশ্নপত্র পাঠাতে হয়। ট্যাবলেটের সাহায্যে বিভিন্ন বিষয় শেখা ছাড়াও বাচ্চারা নানা রকম শিল্পকর্ম, গানবাজনার বিভিন্ন অনুষ্ঠান ইন্টারনেটে তুলে ধরছে, অভিভাবকরাও বাচ্চাদের নানা রকম আ্যাক্টিভিটি-র ভিডিয়ো বানিয়ে শিক্ষকদের কাছে পাঠাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, মারুয়া বেশিক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকতে পারে না। চোখের পাতা কেমন লাফিয়ে ওঠে। মারুয়া অন্য আরও একটা সমস্যা খুব কষ্টের সঙ্গে উপলব্ধি করছে, যাদের দামি মোবাইল নেই, অথবা অনলাইনে ক্লাশ করার জন্য যেসব মোবাইল দরকার হয়। তার বান্ধবী আয়েশা খুবই ভাল ছাত্রী। ক্লাশের ফার্স্ট গার্ল। কিন্তু ওরা খুব গরীব। ওর বাবা ভ্যান চালিয়ে সংসার চালায়। বাসায় স্মার্ট ফোন, ল্যাপটপ ও কম্পিউটার নেই। একটা স্মার্ট ফোন কেনার ওদের সামর্থ্য নেই। করোনাভাইরাসের কারণে কারোর বাসায় গিয়ে সাহায্যও নিতে পারবে না সে। ক্লাশ না করতে পারলে বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়বে ও। মন ভেঙ্গে পড়বে ওর। মাকে আয়েশার কথা বলেছিল মারুয়া। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, 'শিক্ষার বৈষম্য দূর করা উচিত।'
আসলে, গোটা দুনিয়াটাই এখন ভয়ানক অস্থির। মারুয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কুল জীবনে ফিরে যেতে। স্কুল মাঠে খেলা, বন্ধু বানানো, শিক্ষকদের কাছে বকুনি, দুষ্টুমি, স্কুলের বিভিন্ন ফাংশন, 'ফেস্ট'-এ অংশ নেওয়া, টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ, বন্ধুর হাত ধরে হাঁটার খুশি, টান টান লড়াইয়ের টিম গেম-এর উত্তেজনা বা বই দেওয়া-নেওয়া সবকিছুকে সে তীব্র ভাবে মিস করছে।
মাথার ওপর ঝকঝকে নীল আকাশ আর পাখির কলতান সত্ত্বেও স্কুলের ছবিটা মারুয়ার মনে ভেসে বেড়ায়। সে মনে মনে প্রার্থনা করতে থাকে, 'স্কুল তুমি ভালো থাকো। পৃথিবীর অসুখ সেরে গেলেই আমরা আবার তোমার কাছে ফিরে আসবো।'